কয়লা পাচার মামলা: দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি

কলকাতা : ঝাড়খণ্ড–আসানসোল কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বড়সড় পদক্ষেপ নিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ইডির এক পদস্থ আধিকারিক মঙ্গলবার সকালে এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে, সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তের নাম চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ। তদন্তে অসহযোগিতা করার অভিযোগে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় এই প্রথম ইডি কোনও ব্যবসায়ীকে গ্রেফতার করল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ইডির একটি বিশেষ দল অভিযুক্তদের ডেরায় তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সময় এক অভিযুক্তের বাসভবন থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়। এরপরই ইডি দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তদন্তে সহযোগিতা না করা এবং বয়ানে অসঙ্গতি থাকায় তাঁদের গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্তকারী সংস্থার দাবি, চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ প্রোটেকশন মানির বিনিময়ে কয়লা পাচারে মদত দিতেন এবং তাঁরা সরাসরি কয়লা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ইডি আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, লেনদেন সংক্রান্ত চ্যাট রেকর্ড দেখানো সত্ত্বেও ওই দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করতে অস্বীকার করেন।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি ইডি রানিগঞ্জের ব্যবসায়ী কিরণ খাঁর বাড়ি এবং চিন্ময় মণ্ডলের অফিসে হানা দিয়েছিল। ধৃত দুই অভিযুক্তকে এদিন ইডির বিশেষ আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =