শিলিগুড়ি : ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি সহ দার্জিলিং ও কার্শিয়াংয়ের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। অফিস ফেরত মানুষ এবং বাড়ির বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রাথমিক সূত্রে খবর, এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী রাজ্য সিকিম। সেখানে পরপর দু’বার কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.২। উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার ভোররাতেও সিকিমে ভূমিকম্প হয়েছিল, যার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মোট ১২ বার কেঁপে উঠেছিল।
পরপর দু’দিন এইভাবে মাটি কেঁপে ওঠায় সাধারণ মানুষের মনে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দানা বাঁধছে। যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

