নয়াদিল্লি : বুধবার একদল নামী আইনজীবীকে সঙ্গে নিয়ে ‘সুবিচার চাইতে’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সওয়াল করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের করা এসআইআর সংক্রান্ত মামলা শোনে প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলার সঙ্গেই মমতার করা মামলাটি শোনে সুপ্রিম কোর্ট।
শুনানিতে আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে সওয়াল করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান।
সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম কাটার জন্য। আমার কাছে কয়েকটি ছবি রয়েছে। সেগুলো দেখানোর অনুমতি দেওয়া হোক। সেগুলো আমার ছবি না। সংবাদমাধ্যমের ছবি। আমাকে পেশ করতে দেওয়া হোক।
মুখ্যমন্ত্রী বলার সময়েই তাঁকে থামালেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, “দুঃখিত ম্যাডাম আপনাকে বিরক্ত করছি।” বিচারপতির সংযোজন, “পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে একটি মামলা করেছে। এই আদালতের অন্যতম সেরা আইনজীবীরা সেখানে উপস্থিত রয়েছেন। কপিল সিব্বল সেখানে সওয়াল করছেন।”
দৃষ্টি আকর্ষণের পর প্রধান বিচারপতি সূর্য কান্ত জিজ্ঞাসা করেন, ওই সংক্রান্ত বিষয় নিয়ে কি নতুন মামলা দায়ের হয়েছে? আইনজীবী জানান, তালিকায় ৩৬ এবং ৩৭ নম্বরে নতুন মামলা রয়েছে। প্রধান বিচারপতি বলেন, শুনানি হবে।
শুনানি চলাকালীন বলার জন্য অনুমতি চান মুখ্যমন্ত্রী। মঞ্জুর করেন প্রধান বিচারপতি। ৫ মিনিট বলার অনুমতি চান মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি বললেন, “৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন।”
◆ এজলাসে বলার অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন – বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি গেলে নাম বাদ দেওয়া হচ্ছে।
◆ গরিব মানুষ বাড়ি বদলালে নাম কাটা হচ্ছে।
◆ পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃত ভাবে নিশানা করা হয়েছে।
◆ যা করতে দু’বছর লাগে, সেটা দু’মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে।
◆ আমি দল নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলছি।

