কলকাতা : এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে চলার পক্ষেই সওয়াল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শনিবার কলকাতার লোক ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী এসআইআর সম্পন্ন করা উচিত। এতে বর্তমানে যে সমস্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তা অনেকটাই মিটে যাবে।” রাজ্যপাল আরও জানান, আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই যেকোনও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। তাঁর মতে, আদালতের নির্দেশ ও সুপারিশ মানলে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
এদিন লোক ভবনে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজভবনের বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এই উপলক্ষে লোক ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষের নতুন নামকরণ করা হয়েছে। একটি কক্ষের নাম রাখা হয়েছে ‘সীতা বেদী’। রাজভবনের তরফে জানানো হয়েছে, জাতীয় চেতনা ও ঐতিহাসিক ঐতিহ্যকে সম্মান জানাতেই এই নামকরণ।

