জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরিতে বন্যা এবং ধসে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ৬

রাজৌরি : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা এবং ধসের কারণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। নিখোঁজদের সন্ধানে জোরকদমে উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, সীমান্ত লাগোয়া এই দুই জেলায় ভারী বর্ষণের জেরে আচমকা হড়পা বান আসে এবং বেশ কিছু জায়গায় ভয়াবহ ভূমিধস ঘটে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মোবাইল টাওয়ারগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। প্রায় ৫ ঘণ্টার প্রচেষ্টায় নেটওয়ার্ক পরিষেবা আংশিক স্বাভাবিক করা সম্ভব হলেও, বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। শনিবার রাতভর টানা বৃষ্টির কারণে একাধিক জায়গায় ধস নেমে ও হড়পা বানের তোড়ে বেশ কিছু আবাসিক বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জানা গেছে, পুঞ্চ জেলার সুরানকোটের লোয়ার মুররা এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন যে, পুলিশ, এসডিআরএফ , অসামরিক প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। বন্যার তোড়ে ভেসে যাওয়া অথবা আবর্জনার নিচে চাপা পড়ে নিখোঁজ থাকা বাকি ৬ জনের সন্ধানে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − one =