বিহারের হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত ৪, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী সম্রাটের

মুজফ্ফরপুর : ফের আগুন-আতঙ্ক! এবার বিহারের মুজফ্ফরপুর জেলায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে ৪ জন রোগীর। মুজফ্ফরপুর জেলার ব্রহ্মপুরা থানার অধীনস্থ প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোর ৩.৫৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের বিষয়ে খবর পায় দমকল।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, আইসিইউয়ে ১৩ জন রোগী ছিলেন। কিছু রোগী ছিলেন সিসিইউয়ে। ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আইসিইউতে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

এসএসপি কান্তেশ মিশ্র বলেন, “ঘটনাটি ঘটেছে ভোর ৩টা থেকে পৌনে ৫টার মধ্যে। ধারণা করা হচ্ছে, আইসিইউ-তে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়। তবে, ভর্তি থাকা ১২-১৩ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি জানিয়েছেন, মুজফ্ফরপুরে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে চারজনের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর প্রয়াতদের আত্মাকে শান্তি দান করুন এবং এই কঠিন সময়ে পরিবারবর্গকে শক্তি দিন।

নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা করে এককালীন আর্থিক অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালগুলিতে যথাযথ ব্যবস্থা করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seventeen =