নয়াদিল্লি : দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনকে জামিন মঞ্জুর করেছে। দিল্লি জল বোর্ডের (ডিজেবি) এসটিপি টেন্ডার কেলেঙ্কারি মামলায় দুর্নীতি দমন শাখা (এসিবি) তাঁকে গ্রেফতার করেছিল। তাঁকে ২ লক্ষ টাকার জামিন বন্ড এবং সমপরিমাণ টাকার ২ জন সিউরিটির বন্ডে জামিন দেওয়া হয়েছে।
সত্যেন্দ্র জৈনের আইনজীবী বিবেক জৈন বলেন, “আমরা আশা করছি তিনি আজই মুক্তি পাবেন। আদালত পর্যবেক্ষণ করেছে, সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কারণে তাঁকে কারাগারে আটকে রাখার কোন যৌক্তিকতা নেই এবং তাঁকে আর বন্দী রাখা উচিত নয়। আদালত শর্ত দিয়েছে, তিনি দিল্লির বাইরে দুদিনের বেশি সময় কাটাতে পারবেন না। বাইরে যাওয়ার ক্ষেত্রে তাঁকে তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করতে হবে। এছাড়া তাঁর ওপর অন্য কোনও শর্ত আরোপ করা হয়নি।”
সত্যেন্দ্র জৈনের জামিন প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা বলেছেন, “জামিন মানেই অভিযোগ থেকে মুক্তি বা খালাস নয়। জামিন একটি আইনি প্রক্রিয়া। তবে এএপি নেতাদের তাদের করা দুর্নীতির জন্য জবাবদিহি করতে হবে এবং তদন্তকারী সংস্থাগুলো আদালতে নিজেদের বক্তব্য পেশ করার পর তাদের কারাবরণ করতে হবে।”

