যুবভারতীতে ফের ইউসেফের জাদু, বড় জয় ইস্টবেঙ্গলের

চেনা ছন্দে ইস্টবেঙ্গল। লাল-হলুদের গোলায় যেন ছারখার হয়ে যাবে বাকি দলগুলি। শনিবারও যুবভারতীতে দেখা গেল লাল-হলুদ ঝড়। শুরুতে গোল খেয়েও খোঁচা খাওয়া বাঘের মতো ঘুরে দাঁড়ালো অস্কার ব্রুজোর দল। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ৪-১ গোলে জিতে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। একরাশ খুশি নিয়ে বাড়ি ফিরল লাল-হলুদ সমর্থকরা। জোড়া গোল করলেন ইউসেফ, এবং একটি করে গোল করেন মিগুয়েল, এডমুন্ড লালরিনডিকা।
স্বপ্নের মতো ফর্মে আইএসএল শুরু করেছে ইস্টবেঙ্গল। এই ধারাবাহিকতা রাখতে পারলে অস্কার ব্রুঁজোর দলকে আটকানো কঠিন। স্পোর্টিং ক্লাব দিল্লি যদিও তেমন কঠিন প্রতিপক্ষ ছিল না। এই জয়ই প্রত্যাশিত ছিল ইস্টবেঙ্গলের কাছে। ইউসেফ এজ্জেজ্জারি তো বটেই নয়া বিদেশি অ্যান্টন সোজবার্গকে দেখার উত্তেজনায় মাঠে গিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। যদিও দলে তিনি ছিলেন না। শুরুতে ৪ মিনিটের মাথায় বক্সের ভিতরে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল করেন দিল্লির অগাস্টিন। শুরুতে গোল খেয়েও ঘুরে দাঁড়ালেন মিগুয়েলরা। ৭ মিনিটে বিপিনের ফ্রিকিক থেকে বল ক্লিয়ার করার চেষ্টা করেন দিল্লির ডিফেন্ডাররা। বল চলে যায় এডমন্ড লালরিনডিকার কাছে। এডমুন্ডের জোরাল শট বিপক্ষ গোলকিপার বিশাল যাদবের হাত ফস্কে জালে জড়িয়ে যায়। ১২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইউসেফ এজেজারি। ২৭ মিনিটে ফের গোল পেয়ে যেতে পারত লাল-হলুদ। মিগুয়েলের ক্রসে এজেজারির হেড চলে যায় গোলকিপারের হাতে। ৪০ মিনিটে ইউসেফের উদ্দেশ্যে দুর্দান্ত থ্রু বল দেন মিগুয়েল।  সেখান থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ পেয়েছিল। তবে তেমন কাজে লাগাতে পারেনি। ৪৮ এবং ৪৯ মিনিটে নন্দকুমারের মিস, ৭৫ মিনিটে ইউসেফের হ্যাটট্রিকের সুযোগ মিস না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত ইস্টবেঙ্গল। যদিও ইনজুরি টাইমে (৯০+৩) মিনিটে দূরপাল্লার শটে ৪-১ করলেন মিগুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =