ভারত: ২ (উইলিয়ামস, আকাশ মিশ্র)
হংকং: ১ (এভার্টন)
এশিয়ান কাপের মূলপর্বের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। গোটা বাছাই পর্বে এই প্রথম জয়ের মুখ দেখল ভারত। মঙ্গলবার কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হংকং-কে ২-১ গোলে হারাল খালিদ জামিলের দল। অভিষেকেই নজর কাড়লেন ভারতের প্রথম ওসিআই ফুটবলার রায়ান উইলিয়ামস। ভারতীয় বংশোদ্ভূত এই তারকা ফুটবলার প্রথম ম্যাচের পরই বড় স্বপ্ন দেখাতে শুরু করলেন ভারতীয় ফুটবলপ্রেমীদের। গোল তো করলেনই, একাধিক সুযোগ তৈরি করলেন। গোটা আক্রমণভাগকে দুর্দান্ত পরিচালনা করলেন। দীর্ঘদিন বাদে ভারত জয়ের মুখ দেখল। দেশের মাটিতে প্রথম কোচ খালিদ জামিলের।
হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা এই জয়টা কিছুটা স্বস্তি দেবে খালিদকে। পাশাপাশি ভবিষ্যতে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই জয় আত্মবিশ্বাস জোগাবে। ম্যাচের শুরু থেকেই দাপটে খেলছিল ভারত। গোটা প্রথমার্ধেওব তাই। ম্যাচের চার মিনিটেই উইলিয়ামস প্রথম গোলটি পেয়ে যান। মাঠের ডানপ্রান্ত থেকে দুর্দান্ত ক্রস বক্সে পাঠান মনবীর। সেই বল পেয়ে জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও পাঁচ মিনিটের মধ্যেই ফের গোল পেয়ে যায় ভারত। আকাশ মিশ্রর অনবদ্য শট থেকে ২-০ এগিয়ে যায় ব্লু-টাইগার্সরা। হংকংয়ের হয়ে একমাত্র গোলটি করেন এভার্টন।

