নামিবিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ে যেন যুদ্ধের মহড়াই সেরে ফেলল টিম ইন্ডিয়া। ৯৩ রানের বিশাল ব্যবধানে জিতে আত্মবিশ্বাসে ভরপুর সূর্যকুমার যাদবের দল। এমন জয়ের পর সাধারণত যে কোনও দল বা কোচ স্বস্তিতে থাকার কথা। কিন্তু ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের কপালে চিন্তার ভাঁজ পুরোপুরি মিলিয়ে যাচ্ছে না। কারণ সামনে যে শুধু আর একটা ম্যাচ নয়—রবিবারের সেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-যুদ্ধ।
দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামার সঙ্গে সঙ্গেই ভারতের প্রস্তুতি যে আসলে দু’টি ম্যাচ ঘিরে, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। একদিকে মাঠে নামিবিয়া, অন্যদিকে মাথার ভিতরে পাকিস্তান। সহজ জয়ের পরেও ভারতীয় শিবিরে তাই অতি আত্মতুষ্টির লেশমাত্র নেই। বরং এই আবহেই ভারতকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
রবিবারের মহারণে ভারতকে ফেভারিট মানতে নারাজ ‘হিটম্যান’। তাঁর মতে, ভারত-পাকিস্তান ম্যাচে ফেভারিট শব্দটার কোনও জায়গাই নেই। রোহিত বলেন, “আমি কোনও দিনই ফেভারিট কথাটায় বিশ্বাস করিনি। ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণ আলাদা। এই ম্যাচের আবহ, চাপ আর উত্তেজনা সবকিছুই আলাদা।” নামিবিয়ার বিরুদ্ধে জয় যতই দাপুটে হোক, তার প্রভাব যে পাকিস্তান ম্যাচে সরাসরি পড়বে না, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আইসিসি রোহিত শর্মাকেই বেছে নিয়েছে। দুইটি বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসেবেই এই স্বীকৃতি। এর আগে কোনও সক্রিয় ক্রিকেটারকে এত বড় টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়নি। সেই অভিজ্ঞ রোহিতই জানিয়ে দিলেন, কাগজে-কলমে শক্তি বা অতীত সাফল্য মাঠে নামার সময় কোনও কাজে আসে না।
রোহিতের কথায়, “গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে অনেক কিছু ঘটেছে। এখন সব দলই নিয়মিত টি-টোয়েন্টি খেলে। কিন্তু মাঠে নেমে শুধু জিতব আর ২ পয়েন্ট পাব—এই ভাবনা নিয়ে খেলা যায় না। পয়েন্ট পেতে হলে নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতেই হবে। না হলে শূন্য হাতে ফিরতে হবে।”
অতীত রেকর্ড বা ইতিহাসকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, বর্তমান ফর্মই আসল। “আগে কী হয়েছে, সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়। টিম এখন কেমন খেলছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। কোন ক্রিকেটার ফর্মে আছে, কে নেই—তার উপরই ম্যাচের ফল নির্ভর করে। এখন যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে,” স্পষ্ট বার্তা রোহিতের।
সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সাফল্য প্রশ্নাতীত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস গড়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ছ’টি শতরান নিয়ে তিনি সর্বকালের অন্যতম সেরা ব্যাটারও বটে।
সেই অভিজ্ঞতার ঝুলিতেই পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমার যাদবের দলকে একটাই বার্তা দিলেন রোহিত—নাম, খ্যাতি বা ফেভারিট তকমা ভুলে নির্দিষ্ট দিনে সেরা ক্রিকেট খেলতে হবে। তাহলেই মিলবে কাঙ্ক্ষিত ফল।

