কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে জল্পনার অবসান। রাজ্যবাসীর কৌতূহলের মাঝেই শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কর্তৃপক্ষ জানাল, শনিবার দুপুরের মধ্যে প্রকাশিত হতে পারে সংশোধিত ও চূড়ান্ত তালিকা। বহু নাগরিকের প্রশ্ন—“কখন বেরোবে?”, “আমার নাম আছে তো?”—এসবের উত্তরও একসঙ্গেই স্পষ্ট করেছে কমিশন।
কর্তৃপক্ষের বক্তব্য, “তালিকা প্রকাশের পরেই নাগরিকরা কমিশনের অ্যাপ এবং নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেদের নাম যাচাই করতে পারবেন।” একইসঙ্গে রাজনৈতিক দলগুলির হাতে পেন ড্রাইভে তালিকা তুলে দেওয়া হবে। তবে অবিলম্বে বিএলওদের কাছে তালিকা মিলবে না। প্রশাসনিক স্তরে বিডিও ও এসডিও দফতরে তালিকা টাঙানো হবে। জেলাশাসকের কার্যালয়েও রাখা থাকবে পূর্ণাঙ্গ কপি। ইতিমধ্যেই ছাপার কাজ শুরু হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
কোথায় দেখবেন নিজের নাম?
চূড়ান্ত তালিকা প্রকাশের পর নাগরিকরা তিনটি সরকারি মাধ্যমে নাম খুঁজে দেখতে পারবেন—
Chief Electoral Officer West Bengal–এর ওয়েবসাইট: https://ceowestbengal.wb.gov.in
Election Commission of India–এর মূল পোর্টাল: https://eci.gov.in
ECINET মোবাইল অ্যাপ
সরাসরি অনুসন্ধানের লিঙ্ক: https://electoralsearch.eci.gov.in/
ওয়েবসাইট খুললে প্রথমেই দেখা যাবে ‘Search in Electoral Roll’ অপশন। সেখানে নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। এরপর EPIC নম্বর এবং রাজ্যের নাম দিতে হবে নির্দিষ্ট ঘরে। নীচে প্রদত্ত ক্যাপচা সঠিকভাবে টাইপ করে সার্চে ক্লিক করলেই দেখা যাবে নামের বর্তমান অবস্থা।
নামের পাশে যদি ‘Adjudication’ লেখা থাকে, তার অর্থ বিষয়টি এখনও নিষ্পত্তির অপেক্ষায়। আর ‘Deleted’ থাকলে বোঝা যাবে নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে।
প্রশাসনিক ব্যবস্থাপনা
কমিশন জানিয়েছে, “নাগরিকদের সুবিধার্থে একাধিক স্তরে তালিকা উন্মুক্ত রাখা হবে।” বিডিও ও এসডিও অফিসে টাঙানো তালিকা সরেজমিনে দেখে নেওয়া যাবে। জেলা প্রশাসনের দফতরেও থাকবে সম্পূর্ণ নথি। রাজনৈতিক দলগুলিকেও ডিজিটাল কপি সরবরাহ করা হবে।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর নাগরিকদের অনুরোধ, নাম যাচাই করে নেওয়ার। কোনও অসঙ্গতি চোখে পড়লে বিধি মেনে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা যাবে।
ভোটার হিসেবে নিজের অধিকার সুনিশ্চিত করতে শনিবার দুপুরের পর একবার অনলাইনে খোঁজ নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

