নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার প্রেক্ষিতে উড়ান পরিষেবা নিয়ে সতর্কতা জারি করল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। বিমানবন্দরে যাওয়ার আগে বিমানের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ১ এপ্রিল তাদের নির্ধারিত সূচি অনুযায়ী পশ্চিম এশিয়ার উদ্দেশে মোট ৩০টি উড়ান পরিচালিত হবে। এই উড়ানগুলি দুবাই, আবুধাবি, রিয়াদ, কুয়েত, বাহরাইন, মাস্কাট এবং দোহা-সহ বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। তবে পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় যেকোনও সময় সূচিতে বদল আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যাত্রীদের নিবন্ধিত যোগাযোগ মাধ্যমে আপডেট পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে সহায়তার জন্য টিম প্রস্তুত রয়েছে। পাশাপাশি, আবহাওয়ার কারণে দিল্লি-তে কিছু উড়ান বিলম্বিত হচ্ছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এয়ার ইন্ডিয়া ও তাদের সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যৌথভাবে পশ্চিম এশিয়ার উদ্দেশে মোট ৩০টি উড়ান পরিচালিত হবে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীর জন্য রয়েছে ১৬টি উড়ান। পূর্বনির্ধারিত ও অতিরিক্ত দুই ধরনের পরিষেবাই চালু রাখা হয়েছে।
উভয় সংস্থাই যাত্রীদের অনুরোধ করেছে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিমানের বর্তমান অবস্থা যাচাই করে নিতে এবং সম্ভাব্য বিলম্ব মাথায় রেখে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করতে।

