■ সায়ন্তিকার জন্য মন্দিরে পুজো দিয়ে শুরু প্রচার রামকৃষ্ণের
কলকাতা : গণতন্ত্রের উৎসব নির্বাচনকে সামনে রেখে বড়ানগরে জোরকদমে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে এলাকাজুড়ে প্রচারে ঝড় তুললেন দলের বর্ষীয়ান নেতা তথা পুরপিতা ও পুর পারিষদ সদস্য রামকৃষ্ণ পাল।
এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে সায়ন্তিকাকে নিয়ে প্রচার শুরু করেন পুরপিতা রামকৃষ্ণ পাল। তারপর সায়ন্তিকা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে বরানগরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। প্রচারে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর মাতা সরোমা পাল সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকেরা।
দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত রামকৃষ্ণ পালকে দলের ‘প্রথম দিনের সৈনিক’ হিসেবেই সবাই চেনে।এলাকায় তাঁর সাংগঠনিক প্রভাব ও গ্রহণযোগ্যতা প্রচারে বাড়তি গতি এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। স্থানীয়দের একাংশের মত, রামকৃষ্ণ পালের সক্রিয়তায় এই কেন্দ্রে সায়ন্তিকা ব্যানার্জি অনেকটাই এগিয়ে থাকবেন।
প্রচারে মানুষের সাড়া পেয়ে আশাবাদী সায়ন্তিকা ব্যানার্জিও। তাঁর কথায়, উন্নয়নের ধারাকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছনো হচ্ছে এবং ভোটে তার ইতিবাচক প্রতিফলন মিলবে বলেই আশা। অন্যদিকে, রামকৃষ্ণ পালও আত্মবিশ্বাসী সুরে জানান, বরানগরের মানুষ আবারও তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বড়ানগরে প্রচারের উত্তাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

