মুম্বই : চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল মুম্বই পুলিশ। পুলিশের দাবি, শুধু রোহিত শেট্টিই নন, বলিউডের আরও পাঁচজন নামী চলচ্চিত্র ব্যক্তিত্ব বর্তমানে আন্ডারওয়ার্ল্ডের নিশানায় রয়েছেন। এই পাঁচজনের কাছেই নাকি মোটা অঙ্কের তোলাবাজির জন্য হুমকি ফোন এসেছিল। তবে আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত তাঁদের কেউই পুলিশের কাছে অভিযোগ জানাননি।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত রবিবার গভীর রাতে রোহিত শেট্টির মুম্বইয়ের বাসভবনের সামনে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা পরপর ছয় রাউন্ড গুলি চালায়। ঘটনার পর তদন্তে নেমে পুণে থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য।
তদন্তকারীরা জানিয়েছেন, পলাতক গ্যাংস্টার শুভম লোণকর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই গুলি চালানোর দায় স্বীকার করেছে। ওই পোস্টে সে দাবি করেছে, রোহিত শেট্টি-সহ বলিউডের পাঁচজন বড় তারকাকে তোলাবাজির উদ্দেশ্যে ফোন করা হয়েছিল। পুলিশের প্রাথমিক যাচাইয়ে এই দাবির সত্যতা মিলেছে বলেই সূত্রের খবর।
তবে হুমকি পাওয়ার পরও সংশ্লিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা পুলিশের দ্বারস্থ না হওয়ায় বিস্মিত তদন্তকারীরা।
পুলিশের এক আধিকারিক জানান, “হুমকির বিষয়টি সত্য বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তারপরও কেউ অভিযোগ না করায় বিষয়টি আমাদের জন্য উদ্বেগের।”
পুলিশ জানিয়েছে, অভিযোগ না এলেও সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড যোগ ও তোলাবাজি চক্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে।

