কলকাতা : প্রকৃতিতে এখন পলাশের আগুন আর শিমুলের লাল আভা। বসন্ত এসেছে দ্বারে, আর সেই ঋতুরাজকে স্বাগত জানাতে এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতে মেতেছে ভারতীয় জাদুঘর। সহযোগিতায় বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির সংস্থা ‘দীক্ষা মঞ্জরী’।
আগামী ১ মার্চ জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই বর্ণাঢ্য ‘বসন্ত উৎসব’।মূল অনুষ্ঠানের প্রাক্কালে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সম্প্রতি জাদুঘর চত্বরে হয়ে গেল এক বিশেষ মহড়া, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ডোনা গাঙ্গুলি। তাঁর সুযোগ্য নেতৃত্বে একদল তরুণ নৃত্যশিল্পী ওড়িশি মুদ্রার মাধ্যমে বসন্তের রূপ ফুটিয়ে তুলছেন। নাচের পাশাপাশি এই উৎসবের অন্যতম স্তম্ভ রবীন্দ্রসংগীত। মহড়ায় সুরের জাদু ছড়িয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী আনন্দ গুপ্ত এবং বিশিষ্ট ব্যক্তিত্ব রঘুনাথ দাস।
গান, নাচ ও কথামালার এক অনন্য মেলবন্ধনে বসন্তের গানগুলো প্রাণ ফিরে পাচ্ছে মহড়া কক্ষের অন্দরে।আয়োজকদের মতে, ভারতীয় জাদুঘরের মতো ঐতিহাসিক জায়গায় এই আয়োজন শহরবাসীকে শান্তিনিকেতনি আমেজ উপহার দেবে। ১ মার্চের এই অনুষ্ঠানে একদিকে যেমন থাকবে ধ্রুপদী নৃত্যের গাম্ভীর্য, অন্যদিকে থাকবে ফাগুনের গান ও কবিতা। শহরের যান্ত্রিকতা ভুলে বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে নিতে এখন শুধু মূল অনুষ্ঠানের অপেক্ষা।

