নয়াদিল্লি : জাতিগত জনশুনানি বন্ধ করার আর্জি জানিয়ে যে মামলা হয়েছিল, তা খারিজ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ওই শুনানি বন্ধ করতে আদালত যাতে নির্দেশ দেয়, সে জন্য দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।
শীর্ষ আদালত অবশ্য সে মামলা খারিজ করে দিয়েছে। একই সঙ্গে ওই জনস্বার্থ মামলায় আবেদনকারী যে ভাষা ব্যবহার করেছেন, তারও তীব্র সমালোচনা করেছে আদালত। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চ ওই মামলা খারিজ করে দিয়েছে।
উল্লেখ্য, ২০২৭ সালের আদমশুমারি হতে চলেছে ১৬–তম জাতীয় আদমশুমারি। ১৯৩১ সালের পর থেকে এবারেই দেশে প্রথম জাতিভিত্তিক গণনা এবং সম্পূর্ণ ডিজিটাল আদমশুমারি হবে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত জনগণনা প্রক্রিয়ায় এবারই প্রথম ‘সেল্ফ এনুমারেশন’-র ব্যবস্থা থাকবে যেখানে সরকারি প্রতিনিধি বা গণনকারী কোনও বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করার আগেই সংশ্লিষ্ট বাড়ির সদস্যরা তাঁদের বিবরণ ডিজিটাল পদ্ধতিতে সরকারের কাছে জমা দেওয়ার সুযোগ পাবেন৷ আগামী বছরের জনগণনাই স্বাধীন দেশের প্রথম জনগণনা যেখানে তফসিলি জাতি, উপজাতি সর্বস্তরে জাতিগত জনগণনা করা হবে৷

