আসানসোল : মাকে গুলি করে ছেলের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল আসানসোলের কুলটিতে। মৃত রাজা মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ওই এলাকাতেই। মৃতের পরিজনদের দাবি, বেশ কিছুদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পরিবারের এক সদস্য জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ছেলে রাজা মুখোপাধ্যায় তাঁর মা সন্ধ্যা মুখোপাধ্যায়কে গুলি করে খুন করে নিজেও আত্মঘাতী হন। সে সময়ে বাড়িতে আগুনও জ্বলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। দমকলের ইঞ্জিন পৌঁছয়| দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মৃত রাজা মুখোপাধ্যায় বেসরকারি কারখানার বন্দুকধারী নিরাপত্তারক্ষী (গানম্যান) ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোলের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

