হাওড়ায় মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে আহত ৬ ছাত্র, একজনের অবস্থা আশঙ্কাজনক

হাওড়া : হাওড়া জেলার জগৎবল্লভপুরে শুক্রবার এক পথ দুর্ঘটনায় ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ছয় মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত ছয় ছাত্রই বড়গাছিয়া প্রিয়নাথ স্কুলের শিক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের পরীক্ষাকেন্দ্র পড়েছিল হঁতাল বিশালাক্ষ্মী হাই স্কুলে। পরীক্ষা শেষ হওয়ার পর ওই ছয় ছাত্র দুটি মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে রওনা দিয়েছিল।

হঁতাল এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বাইক নিয়ন্ত্রণহীন হয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঠিক পেছনে থাকা দ্বিতীয় বাইকটিও নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম বাইকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক ছাত্রের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতায় পাঠানোর পরামর্শ দেন।

ঘটনার খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার ফলে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + three =