কমনওয়েলথ গেমসে দাপুটে সাফল্যের স্বীকৃতি, হরিয়ানায় ১৩.৪৭ কোটি টাকার পুরস্কার ঘোষণা

গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে অংশ নেওয়া হরিয়ানার ক্রীড়াবিদদের সংবর্ধনা জানাতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ৭ আগস্ট পঞ্চকুলার সেক্টর-৩-এর তাউ দেবীলাল স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পদকজয়ী এবং অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নগদ পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি।

গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যে হরিয়ানার অবদান ছিল উল্লেখযোগ্য। ভারতের মোট ১৩টি সোনার পদকের মধ্যে ৭টিই এসেছে হরিয়ানার ক্রীড়াবিদদের হাত ধরে। প্রীতি পাওয়ার, জেসমিন লাম্বোরিয়া,শচীন সিওয়াচ, সাক্ষী চৌধুরী, প্রিয়া চাংহাস, শর্মিলা ধনখড় এবং অঙ্কুশ পাংঘাল সোনা জয় করেন। এর মধ্যে ছয়টি সোনা এসেছে বক্সিং থেকে। পাশাপাশি জ্যাভলিন থ্রোতে রুপো জেতেন নীরজ চোপড়া।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম জানিয়েছেন, হরিয়ানার ক্রীড়ানীতির আওতায় কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ক্রীড়াবিদদের পুরস্কার হিসেবে মোট ১৩ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয় করবে সরকার।

ঘোষণা অনুযায়ী, সাতজন সোনাজয়ী ক্রীড়াবিদ প্রত্যেকে পাবেন ১ কোটি ৫০ লক্ষ টাকা। দু’জন রুপোজয়ী পাবেন ৭৫ লক্ষ টাকা করে। এছাড়া ব্রোঞ্জজয়ী ক্রীড়াবিদকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা।

শুধু পদকজয়ীরাই নন, গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া কিন্তু পদক জিততে না পারা ১৩ জন ক্রীড়াবিদকেও উৎসাহমূলক পুরস্কার হিসেবে ৭ লক্ষ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরা হরিয়ানার পদকজয়ী ক্রীড়াবিদদের ব্যক্তিগতভাবে স্বাগত জানান ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম। ঢাক-ঢোল ও ফুলের মালা দিয়ে তাঁদের সংবর্ধনা জানানো হয়।  গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় ভারতেরচতুর্থ স্থান অর্জনকে দেশের জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং এই সাফল্যে হরিয়ানার ক্রীড়াবিদদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + four =