কলকাতা : ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)।
শনিবার তিনি জানান, জেলাভিত্তিক ও বিধানসভাভিত্তিক সমস্ত প্রয়োজনীয় তথ্য কমিশনের তরফে সরবরাহ করা হবে। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার ক্ষেত্রেও যে কোনও ধরনের সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।সিইও বলেন, দিল্লি কিংবা ডিইও (জেলা নির্বাচন আধিকারিক) অফিস—যেখান থেকেই সহায়তা প্রয়োজন হোক না কেন, তা দ্রুত প্রদান করা হবে।
তাঁর কথায়, “আমরা চাই কোনও যোগ্য ভোটার যেন বাদ না যান।” তিনি আরও জানান, এ দিন রাত ১২টা পর্যন্ত বিভিন্ন আপত্তি ও আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া চলবে। এরপরই চূড়ান্ত সংখ্যার একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে।কোর্টের রায় অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি বিচার বিভাগীয় আধিকারিকদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে বলেও তিনি স্পষ্ট করেন। কত সংখ্যক আধিকারিক নিয়োগ করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিধানসভাভিত্তিক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব কমিশনের তরফে দেওয়া হয়েছে।সিইও জানান, শনিবার অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দৃষ্টিভঙ্গি আদালতের সামনে তুলে ধরা হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করছে।

