অমিত শাহকে অবমাননাকর মন্তব্য, মানহানি মামলায় সুলতানপুরের আদালতে রাহুল

সুলতানপুর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ| সেই সংক্রান্ত একটি মানহানি মামলায় শুক্রবার উত্তর প্রদেশের সুলতানপুরের সাংসদ ও বিধায়কদের জন্য বিশেষ আদালতে (এমপি/এমএলএ) নিজের বক্তব্য নথিভুক্ত করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

রাহুল শুক্রবার সকালে লখনউ বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে তিনি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হন। আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ৩১৩ ধারায় নিজের বক্তব্য রেকর্ড করান। এই প্রক্রিয়ায় তিনি প্রায় ২০ মিনিট আদালতে ছিলেন। এদিন আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের তত্ত্বাবধানে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ৯ মার্চ। এদিন আদালতে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয় রাই এবং দলের প্রবীণ নেতা প্রমোদ তিওয়ারি।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে উত্তর প্রদেশের সুলতানপুর জেলার দেহাত থানার অন্তর্গত হনুমানগঞ্জ এলাকার এক বিজেপি নেতা এই মানহানি মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় প্রচারপর্বে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে মামলাটি দায়ের হয়। এই মামলায় বিগত কয়েক বছর ধরে বিচার প্রক্রিয়া বিদ্যমান।

এর আগে আদালতে হাজিরা সংক্রান্ত বিষয়ে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাহুল গান্ধীর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্ব শেষ হওয়ার পর বর্তমান পর্যায়ে আদালতে তাঁর বক্তব্য নথিভুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =