রাহুল গান্ধী সংসদে যান চা–পকোড়া খেতে, সংসদের বিষয় বোঝেন না : অমিত শাহ

কাপড় খুলে এআই সামিটের বিরোধিতা কংগ্রেসের, রাহুলের তুলোধোনা শাহের

■ ‘গুজরাট-মহারাষ্ট্রের মতো উন্নত হয়েছে অসমের স্বাস্থ্যসেবা’, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

গুয়াহাটি : ‘রাহুল গান্ধী সংসদে চা–পকোড়া খেতে যান। তিনি সংসদের বিষয় বোঝেন না। সংসদ নাস্তা করার জায়গা নয়। সংসদে তিনি কিছু বলতে পারেন না, পালিয়ে বেড়ান। আর যেখানে ভারতের শক্তি দেখতে বিশ্বের মানুষ আসে, সেখানে তিনি বিরোধিতা করেন। ভারতের এআই সামিটের বিশ্বজুড়ে প্রশংসা হয়েছে। অথচ কংগ্রেস তার বিরোধিতা করে কাপড় খুলেছে। মোদী ও বিজেপির বিরোধিতা করতে করতে রাহুল গান্ধী ভারতের বিরোধিতা করছেন। মোদী এবং বিজেপির বিরোধিতা করতে গিয়ে তিনি দেশের নিন্দা করছেন।’ বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ রবিবার গুয়াহাটির বিরুবাড়িতে নবনির্মিত ‘প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’, গোলাঘাট এবং তিনসুকিয়া ক্যানসার কেন্দ্রের উদ্বেোধন এবং তিন জেলায় তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল ও একটি জেলা হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে উদাত্ত ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বলে, গুজরাট-মহারাষ্ট্রের মতো উন্নত হয়েছে অসমের স্বাস্থ্যসেবা। এ জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেছেন। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্য প্ৰকল্পের উদ্বোধন করে বক্তব্যের শুরুতে তিনি আদ্যাশক্তি কামাখ্যা দেবী এবং মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব ও মাধবদেবকে স্মরণ করেন। এছাড়া লাচিত বড়ফুকন, বীর চিলারায় এবং মহারাজ পৃথুকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দুদিনের সফরে গতকাল বিকালে গুয়াহাটি এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ খানাপাড়ায় আয়োজিত বিশাল যুব শক্তি সমাবেশে তিনি অংশগ্রহণ করবেন।

রাজ্যে বিজেপি সরকারের কাজের ঢালাও প্রশংসা করে অমিত শাহ বলেন, ১০ বছর আগে অসমের স্বাস্থ্যসেবা খুবই নিম্নমানের ছিল। আজ অসমের স্বাস্থ্যব্যবস্থা অনেক উন্নত হয়েছে। অসমে একাধিক মেডিক্যাল কলেজ স্থাপিত হয়েছে। ক্যানসার ইনস্টিটিউট গড়ে ওঠায় স্বাস্থ্যখাতে অভূতপূর্ব অবদান রেখেছে।

এ সময় তিনি শিল্পপতি রতন টাটাকেও স্মরণ করেন। শাহ বলেন, সরকারি হাসপাতালে প্রোটন থেরাপি থাকা দেশের প্রথম রাজ্য অসম। উত্তর-পূর্বাঞ্চলে ক্যানসার রোগীর সংখ্যা বেশি। কংগ্রেস নিজেদের পরিবারের স্বাস্থ্যের যত্ন নিয়েছিল, অথচ অসমের মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবেনি।

কংগ্রেসের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসম থেকেই মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু অসমের স্বাস্থ্যখাতের জন্য তিনি কোনও পদক্ষেপ নেননি। কংগ্রেস আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি হয়েছিল।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে অমিত শাহ বলেন, অসমে ৯৮ শতাংশ প্রসূতির সন্তানের জন্ম সরকারি হাসপাতালে হয়। গুজরাটের মতো অসমে তা সম্ভব হয়েছে হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের আমলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 12 =