আরজি কর লিফট দুর্ঘটনা: স্বাস্থ্য ভবনের কড়া অবস্থান, সোমবারের মধ্যে রিপোর্ট তলব

কলকাতা : আরজি কর হাসপাতালে লিফট বিভ্রাটের জেরে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় চূড়ান্ত প্রশাসনিক গাফিলতির অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন। ঘটনার প্রকৃত কারণ এবং দায়বদ্ধতা নির্ধারণে আগামী ২৩ মার্চ, অর্থাৎ সোমবারের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সবিস্তার রিপোর্ট তলব করা হয়েছে।

হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, বিভাগীয় তদন্তের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হচ্ছে। সেই রিপোর্ট জমা পড়ার পর প্রতিটি দিক খতিয়ে দেখে চুলচেরা বিশ্লেষণ করা হবে। এই ঘটনায় রাজ্য সরকারের উচ্চস্তর থেকেও যথেষ্ট চাপ রয়েছে। ফলে গাফিলতির উৎস এবং নিরাপত্তার খামতিগুলো চিহ্নিত করতে স্বাস্থ্য ভবন অত্যন্ত তৎপর।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ট্রমা কেয়ার সেন্টারের লিফটে সপরিবারে আটকে পড়েন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। লিফটটি বিকল হয়ে বেসমেন্টে আছড়ে পড়ে এবং দীর্ঘক্ষণ আটকে থাকার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − five =