কলকাতা : শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভবানীপুর। এ বার সেই ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
একই সঙ্গে ওই চার জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়ে অবিলম্বে পদক্ষেপ করতে বলেছে কমিশন। যে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন— কলকাতা পুলিশের ডিসি (২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়।
রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে ভবানীপুরের ঘটনায় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, ভবানীপুরের ঘটনায় ওই চার পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত করতে হবে। কমিশনের নির্দেশ মানা হচ্ছে কি না, তা জানিয়ে শনিবার সকাল ১১টার মধ্যে মুখ্যসচিবকে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই ওই চার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। এই চিঠির একটি কপি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষকে পাঠানো হয়েছে। নির্দেশমতো পদক্ষেপ করার কথা উল্লেখ করেছে কমিশন।

