নয়াদিল্লি : যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে তিনি পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। সমাজমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে এটাই মোদীর প্রথম ফোনালাপ। ক্রমবর্ধমান উত্তেজনা, সাধারণ মানুষের প্রাণহানি এবং অসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা, পণ্য ও জ্বালানির অবাধ পরিবহনের প্রয়োজনীয়তা ভারতের শীর্ষ অগ্রাধিকার। শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে এবং সংলাপ ও কূটনীতির আহ্বান জানানো হয়েছে।

