মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দেশবাসীকে ফের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে আমাদের প্রতিবেশী অঞ্চলে গত এক মাস ধরে এক ভয়াবহ যুদ্ধ চলছে। লক্ষ লক্ষ পরিবারের আত্মীয়-স্বজন এই দেশগুলিতে বাস করেন, বিশেষ করে যারা উপসাগরীয় অঞ্চলে কাজ করেন। সেখানে থাকা ১ কোটিরও বেশি ভারতীয়কে সব ধরনের সহায়তা প্রদানের জন্য আমি উপসাগরীয় দেশগুলির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যে অঞ্চলে যুদ্ধ চলছে, তা আমাদের জ্বালানি চাহিদার একটি প্রধান কেন্দ্র। এর ফলে বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের সংকট তৈরি হচ্ছে।”

প্রধানমন্ত্রী বলেন, “বৈশ্বিক সম্পর্ক, বিভিন্ন দেশের সহায়তা ও গত দশকে অর্জিত সক্ষমতার কারণেই ভারত দৃঢ়তার সঙ্গে এই প্রতিকূলতাগুলির মোকাবিলা করছে। নিঃসন্দেহে এটি একটি কঠিন সময়। ‘মন কি বাত’-এর মাধ্যমে আমি আবারও দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট কাটিয়ে ওঠার আহ্বান জানাচ্ছি।” প্রধানমন্ত্রী আরও বলেন, “যারা এই বিষয়টিকে রাজনীতিকরণ করছেন, তাঁদের এমনটা করা উচিত নয়। এটি ১৪০ কোটি নাগরিকের স্বার্থসংশ্লিষ্ট একটি বিষয়। এখানে স্বার্থপর রাজনীতির কোনও স্থান নেই। যারা গুজব ছড়াচ্ছেন, তাঁরা দেশের ব্যাপক ক্ষতি করছেন। আমি সকল দেশবাসীকে সচেতন থাকার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আবেদন করব। সরকার ক্রমাগত তথ্য সরবরাহ করছে। সেটির ওপর আস্থা রাখুন এবং তার ভিত্তিতেই পদক্ষেপ নিন।”

মন কি বাত অনুষ্ঠানের ১৩২-তম পর্বে প্রধানমন্ত্রী বলেন, “এই মার্চ মাসটি বিশ্বব্যাপী অত্যন্ত ঘটনাবহুল ছিল। আমাদের সকলের মনে আছে, অতীতে কোভিডের কারণে সমগ্র বিশ্বকে দীর্ঘ সময় ধরে অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমরা সকলেই আশা করেছিলাম, কোভিড সংকট থেকে বেরিয়ে আসার পর বিশ্ব একটি নতুন সূচনার সঙ্গে অগ্রগতির পথে এগিয়ে যাবে, কিন্তু বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতি ক্রমাগত দেখা দিতে থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 11 =