ঢাকা : এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান এবং ক্ষমতাসীন বিএনপি সরকারের ২৫ জন পূৰ্ণঁমন্ত্ৰী। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪-টা ১৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।
এদিন প্রথমে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেকের শপথ গ্রহণের পর মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
মন্ত্রিসভায় স্থানপ্রাপ্ত ২৫ জন পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন অভিজ্ঞ ও রাজপথের পরীক্ষিত নেতারা। তাঁরা যথাক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগির, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জে এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, সহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মহম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার শাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, নিতাই রায়চৌধুরী এবং ফকির মাববুব আনাম।
প্রথা অনুযায়ী বঙ্গভবনের পরিবর্তে এবার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধি সহ বিপুলসংখ্যক দেশি ও বিদেশি বিশিষ্ট অতিথি অংশগ্রহণ করেন। পুরো এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
উল্লেখ্য, আজ সকালেই জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সংসদীয় রীতি অনুযায়ী সদস্যদের শপথের পর বিকালেই মন্ত্রিসভা গঠনের এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

