কলকাতা : রাজ্যের চা শ্রমিকদের উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা বরাদ্দ করল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, এই খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের চা শ্রমিক উন্নয়ন প্রকল্পই এ বার এ রাজ্যে চালু করা হচ্ছে। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুভেন্দুবাবু জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’ (পিএমসিএসপিওয়াই) চালু করা হচ্ছে। তাতে মোট ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে চা শ্রমিকদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আমাদের পরিশ্রমী চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমাদের রাজ্য স্তরের কমিটি পিএমসিএসপিওয়াই চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চা শ্রমিকদের জীবন বদলে দিতে চলেছি।’’

