দশম শ্রেণির প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক: সিবিএসই

নয়াদিল্লি : ২০২৬ সাল থেকে দশম শ্রেণিতে চালু হতে চলা দুই বোর্ড পরীক্ষা ব্যবস্থায় প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ সব পড়ুয়ার জন্য বাধ্যতামূলক বলে স্পষ্ট জানাল সিবিএসই। কোনও পরিস্থিতিতেই প্রথম পরীক্ষা এড়িয়ে সরাসরি দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ থাকবে না।

জারি করা বিজ্ঞপ্তিতে সিবিএসই জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষার বিকল্প নয়। এটি মূলত নম্বর উন্নয়ন (ইমপ্রুভমেন্ট) এবং নির্দিষ্ট যোগ্য শ্রেণির পড়ুয়াদের জন্য অতিরিক্ত সুযোগ। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান ও ভাষা মিলিয়ে সর্বোচ্চ তিনটি বিষয়ে নম্বর উন্নয়নের জন্য দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবেন।

যে পড়ুয়ারা প্রথম পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে অনুপস্থিত থাকবেন, তাঁদের দ্বিতীয় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। তাঁদের ‘এসেনশিয়াল রিপিট’ শ্রেণিতে রেখে পরবর্তী বছরের ফেব্রুয়ারিতে মূল পরীক্ষায় বসতে হবে।

প্রথম পরীক্ষায় যাঁদের ফলাফল কম্পার্টমেন্ট হবে, তাঁরা দ্বিতীয় পরীক্ষায় কম্পার্টমেন্ট শ্রেণিতেই সুযোগ পাবেন। পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রথম বা তৃতীয় সুযোগের কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট-সহ ইমপ্রুভমেন্ট এবং বিষয় পরিবর্তনের পর উত্তীর্ণ পড়ুয়ারাও সুযোগ পাবেন।

সিবিএসই আরও জানিয়েছে, দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত বিষয় নেওয়া যাবে না, স্ট্যান্ড-অ্যালোন বিষয়েও ভর্তি মিলবে না। প্রথম পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে অনুপস্থিত থাকলে কোনও আবেদনই গ্রহণ করা হবে না।

বোর্ডের স্পষ্ট বক্তব্য, দুই বোর্ড পরীক্ষা ব্যবস্থার লক্ষ্য পড়ুয়াদের পারফরম্যান্স উন্নয়ন, প্রথম পরীক্ষাকে ঐচ্ছিক করা নয়। সমস্ত স্কুল ও পড়ুয়াদের নিয়ম কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে সিবিএসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − five =