পাক ড্রোন ঘিরে আতঙ্ক, সাম্বা সীমান্তে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান

জম্মু : আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় আকাশসীমায় প্রবেশ করার পর শনিবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার একাধিক সীমান্ত সংলগ্ন গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে রামগড় সেক্টরের কন্দ্রাল, আবতাল এবং বাহাদুরপুর গ্রামের ওপর কয়েক মিনিটের জন্য পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায়। এরপরই পুরো এলাকা কড়া নজরদারিতে রাখা হয় এবং শনিবার সকাল হতেই শুরু হয় চিরুনি তল্লাশি। ড্রোনটির মাধ্যমে সীমান্তর ওপার থেকে কোনও অস্ত্রশস্ত্র বা মাদক পাচার করা হয়েছে কি না, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত দু’দিনে আর. এস. পুরা সেক্টরের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ড্রোনের মাধ্যমে হেরোইন পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই সেখান থেকে ৩.৫ কেজিরও বেশি হেরোইন উদ্ধার করেছে, আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকারও বেশি।

শুক্রবার আর. এস. পুরা সেক্টরে এই মাদক উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। সাম্বা সেক্টরেও ড্রোন মারফত এই ধরনের কোনও নাশকতামূলক কাজ বা মাদক পাচারের চেষ্টা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =