◆ কর্মসংস্থানের সঙ্গে সরাসরি উচ্চশিক্ষায় যোগ করল অ্যাডামাস
কলকাতা : উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী করে তুলতে বড় উদ্যোগ নিল অ্যাডামাস ইউনিভার্সিটি। টিমলিজ এডটেক-এর সঙ্গে যৌথভাবে ‘নিউ জেন’ ওয়ার্ক-লিঙ্কড ডিগ্রি প্রোগ্রাম চালুর ঘোষণা করা হল এক সাংবাদিক বৈঠকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া প্রতিনিধিরা, এইচআর বিশেষজ্ঞ, শিল্পক্ষেত্রের অংশীদার এবং নীতি নির্ধারকরা। কলকাতার উপকণ্ঠে ১২০ একর বিস্তৃত ক্যাম্পাস, ১০ হাজারেরও বেশি পড়ুয়া এবং শিল্পক্ষেত্রের সঙ্গে দৃঢ় সংযোগ-এই ভিত্তির উপর দাঁড়িয়েই নতুন শিক্ষামডেল চালু করছে অ্যাডামাস।
এতদিন কর্মসংযুক্ত ডিগ্রি প্রোগ্রাম মূলত অনলাইন বা দূরশিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার সেই ধারণাকে ভেঙে অন-ক্যাম্পাস শিক্ষার সঙ্গেই যুক্ত করা হচ্ছে বাস্তব কাজের অভিজ্ঞতা, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর সমিত রায় জানান, ‘নিউ জেন প্রোগ্রাম আমাদের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। একাডেমিক শিক্ষার সঙ্গে কর্মসংস্থানকে যুক্ত করে আমরা শিক্ষার্থীদের কর্মজগতে প্রবেশের একটি সুগম পথ তৈরি করছি।’ উপাচার্য সুরঞ্জন দাসের কথায়, এই মডেল শিক্ষার মূল কাঠামোর মধ্যেই প্রাসঙ্গিকতা ও প্রয়োগকে যুক্ত করছে। ফলে পড়ুয়ারা শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব কাজের অভিজ্ঞতাও অর্জন করবে-যা ভবিষ্যতের পেশাজীবনে তাদের আরও এগিয়ে রাখবে।

