সুনীলের বিরুদ্ধে ড্র করেও শীর্ষে মোহনবাগান

ঘরের মাঠের দাপটে আইএসএলের এই মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেও জয় ছিনিয়ে নিতে মরিয়া ছিল মোহনবাগান। গতবারের হার ভুলে ঘুরে দাঁড়াতে চেয়েছিল সের্জিও লোবেরার দল। তবে প্রথম চার ম্যাচে জয়ের পর বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট হারালো মোহনবাগান। বেঙ্গালুরুর রক্ষণের দেওয়াল ভাঙতে পারলেন না দিমি-ম্যাকারা। ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না সবুজ-মেরুন ব্রিগেড। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না দিমিত্রি পেত্রাতোস।
প্রথমার্ধের শুরুর ১৫ মিনিট তেমন ছন্দে ছিলেন না দিমি-ম্যাকলারেনরা। বাকি ম্যাচ জুড়ে দাপটে খেলে বাগান শিবির। বেঙ্গালুরু বেশ কয়েকটি সুযোগ তৈরি করছিল। তবে কোচ রেনেডি সিং -এর বেঙ্গালুরু রক্ষণাত্মক ফুটবল খেলছিল। শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়েই যেন সন্তুষ্ট থাকতে চান সুনীলরা। ম্যাচের শুরুতেই বক্সের ভিতর বল পেয়ে যায় রায়ান উইলিয়ামস। তাঁর শট বাঁচিয়ে দেন বাগান গোলকিপার বিশাল কাইথ। তখন বাগানের মাঝমাঠ থিতু হয়নি। ১৫ মিনিটের পর থেকে অনিরুদ্ধ থাপা, আপুইয়ারা চাপ বাড়াতে শুরু করলেন। জেমি ম্যাকলারেন বল পেলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। দুই প্রান্ত থেকে লিস্টন কোলাসো ও মনবীর সিংহ বারবার আক্রমণে উঠছিলেন। লিস্টনের ভুলে সেই সুযোগগুলিও হাতছাড়া হয়। অপরদিকে বেঙ্গালুরুর উইলিয়ামস একের পর এক আক্রমণ শুরু করে। দ্বিতীয়ার্ধ জুড়ে দাপট বজায় রাখল মোহনবাগান। ম্যাকলারেনের শট অল্পের জন্য পোস্টের বাইরে গেল। দিমি গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না। আলবের্তো রদ্রিগেজ়ের শট ভাল বাঁচালেন বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। আলবের্তোর আর একটি শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়েই শীর্ষেই থাকল মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 17 =