অধ্যাপক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানস ভুঁইয়ার ভাষণকে কটাক্ষ মন্ত্রী সুকান্তর

কলকাতা : “এই অসম্মান শুধু সবং-এর ওই কলেজের মাননীয় অধ্যাপক মহাশয়দেরই অসম্মান নয়, বরং গোটা রাজ্যের শিক্ষকমহল এবং শিক্ষাব্রতীদের মাথাও হেঁট করে দেয়।” সবংয়ে মন্ত্রী মঞ্চ থেকে মানস ভুঁইয়ার অধ্যাপক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণকে এভাবে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বুধবার তিনি এক্সবার্তায় মানসবাবুর বক্তৃতার ভিডিয়ো যুক্ত করে লিখেছেন, “কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার ‘সবং সজনীকান্ত মহাবিদ্যালয়’-এর নবীন বরণ অনুষ্ঠানে উক্ত কলেজের পরিচালন সমিতির প্রধান তথা তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানস ভুঁইয়া মঞ্চ থেকে অধ্যাপক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কদর্য ভাষাতেই হুমকি দিয়েছেন!

শিক্ষার্থীদের সামনে কখনও তিনি প্রকাশ্যে বলেছেন “অধ্যাপকদের মানের যথেষ্ট অবনতি হয়েছে”, কখনও শাসন করেছেন কলেজের অধ্যক্ষকে, আবার কখনও ছোট ছোট শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁকে হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে পুলিশ দিয়ে গ্রেফতারির! নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাংশ তাঁর বক্তব্য না শুনে কেন খেতে চলে যাচ্ছে, তার বিরুদ্ধেও রাজ্যের মন্ত্রীর ক্ষোভ চূড়ান্ত!

কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে সেখানকার শিক্ষার্থী ছোট ছোট ছেলে-মেয়েদের উদ্দেশ্যে এই ধরনের হুমকিমূলক বাক্য প্রয়োগ এবং মাননীয় অধ্যাপকদের সম্পর্কে অশালীন আক্রমণ করার স্পর্ধা কি করে পাচ্ছেন মানস ভুঁইয়াদের মতো ‘গুণ্ডা’ তৃণমূল নেতারা?

আসলে এই মানসবাবুদের নেত্রী রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ডকে আগেই সার্বিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্কুলে, কলেজে পরিচালন সমিতির মাথায় অবাধে এই ধরনের ‘দুষ্কৃতী উপকরণ’-দের বসিয়ে রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীদের থেকে শিক্ষার অধিকার কেড়ে নিয়ে প্রকাশ্যে ক্যাম্পাসের দখলদারি নিতে পারে তৃণমূলের লুম্পেনবাহিনী। আর তাই সমাজ গঠনের মূল কারিগর মাননীয় শিক্ষক অধ্যাপকদের প্রকাশ্যে আক্রমণ আর হেনস্থার ঘটনা রাজ্যের সর্বত্র।

আমি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − six =