আরজি কর হাসপাতালের লিফটে আটকে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

কলকাতা : আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। শুক্রবার ভোরে এই ঘটনার পরেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনদের একাংশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। ভোর ৫টা নাগাদ তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে চেপে পাঁচ তলায় যাচ্ছিলেন। লিফটে আটকে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, চার বছরের ছেলে ও স্ত্রীয়ের সঙ্গে আরজি কর হাসপাতালে এসেছিলেন তিনি। তাঁর ছেলের হাত ভাঙা থাকায় হাসপাতালে অস্ত্রোপচারের কথা ছিল। হাসপাতাল সূত্রে খবর, এ দিন ভোরে ছেলের অস্ত্রোপচারের জন্য ট্রমা কেয়ার বিল্ডিংয়ের পাঁচ তলায় লিফটে করে যাচ্ছিলেন অরূপ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলে। কিন্তু পাঁচ তলায় ওঠার বদলে লিফটটি হঠাৎ নীচে নামতে থাকে। সেটি বেসমেন্টে চলে যায়। সেখানেই আটকে পড়েন শিশু-সহ তিন জন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময়ে লিফটে কোনও অপারেটর ছিলেন না। আটকে পড়া মানুষদের চিৎকার শুনে সাহায্যের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন অনেকে। কিন্তু অভিযোগ, প্রায় এক ঘণ্টা কেটে গেলেও লিফট থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধারকারীরা এসে লিফটের দরজা খুলে ভিতর থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করে।

যান্ত্রিক গোলযোগের জেরেই এই দুর্ঘটনা কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে টালা থানার পুলিশ। হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখে আরজি করে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অরূপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + nineteen =