কলকাতা : গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, “আবারও এলপিজির দাম বাড়ানো হয়েছে। এখন আপনাকে ২১ দিন আগে গ্যাস বুক করতে হবে, তাহলে আপনার বাড়িতে এলপিজি শেষ হলে ২১ দিন আপনি কী করবেন? আপনি কী খাবেন?
আপনি কি খাবারের হোম ডেলিভারি অর্ডার করবেন? এমনকি কেরোসিনের কোটাও কমানো হয়েছে। আপনারা প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। এই কারণেই আপনারা ভোট মুছে ফেলতে চান? বাংলা ভাঙতে চান? অন্যরা আপনাকে ভয় পেতে পারে, কিন্তু আমরা নই। আমরা আপনার মুখোশ খুলে দেব।”
মমতা আরও বলেন, “আমরা বাজেটে দু’টি প্রকল্প ঘোষণা করেছি। একটি হল বাংলার যুব সাথী এবং অন্যটি হল ভূমিহীন ক্ষেত মজদুর। দুটি প্রকল্পই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।” মমতার কথায়, “তারা বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, কারণ আমাদের রাজ্য বেশ কয়েকটি প্রকল্প প্রদানের ক্ষেত্রে এক নম্বর অবস্থানে রয়েছে।”

