প্রিয় সমর্থক শান্তি চক্রবর্তীর প্রয়াণে শোকস্তব্ধ ময়দান, পাশে থাকার বার্তা ক্লাব কর্তৃপক্ষের

‘মোহনবাগান দিদা’-র শেষ কাজে, পাশে দেবাশিস দত্ত

কলকাতা : মোহনবাগানের গ্যালারির এক চেনা মুখ হারানোর বেদনায় ভারাক্রান্ত ময়দান। ‘মোহনবাগান দিদা’ নামে পরিচিত প্রবীণ সমর্থক শান্তি চক্রবর্তীর প্রয়াণে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোমবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। সঙ্গে ছিলেন ক্লাবের প্রবীণ সদস্য মিন্টু বাগ এবং সৌমক দাসও।

শুধু আনুষ্ঠানিক উপস্থিতিই নয়, অসুস্থতার সময় থেকেই শান্তি চক্রবর্তীর পাশে ছিল মোহনবাগান পরিবার। চিকিৎসার ক্ষেত্রে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছিলেন দেবাশিস দত্ত নিজে। সেই সম্পর্কের গভীরতাই যেন আরও একবার ধরা পড়ল তাঁর শেষযাত্রা ও শ্রাদ্ধানুষ্ঠানে।

দীর্ঘদিন ধরে গ্যালারিতে নিজের উপস্থিতি দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন শান্তি চক্রবর্তী। মহিলা সমর্থকদের মধ্যে তিনি ছিলেন এক অনুপ্রেরণার নাম—উৎসাহ, আবেগ আর ক্লাবপ্রেমের এক জীবন্ত প্রতীক। তাঁর প্রয়াণে শুধু একজন সমর্থককে হারায়নি মোহনবাগান, হারিয়েছে এক টুকরো ইতিহাস। শেষ বিদায়ে ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের উপস্থিতিতে সেই আবেগই যেন আরও স্পষ্ট হয়ে উঠল—‘মোহনবাগান দিদা’ আজ স্মৃতিতে, কিন্তু তাঁর ভালোবাসা চিরকাল রয়ে যাবে সবুজ-মেরুন গ্যালারিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 17 =