টাটানগর থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্যে লোবেরা 

আগামী ৪ এপ্রিল আইএসএলের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হবে মোহনবাগান। বাগান কোচ সের্জিও লোবেরার একমাত্র লক্ষ্য তিন পয়েন্ট তুলে নিয়ে টাটানগর থেকে কলকাতায় ফেরা। রবিবারই অনুশীলনে যোগ দিয়েছেন জেমি ম্যাকলারেন। আন্তর্জাতিক বিরতিতে লোবেরা পাচ্ছে না তার দলের তারকা ভারতীয় ফুটবলারদের। আপাতত মোহনবাগানের রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন করাচ্ছেন লোবেরা। বৃহস্পতিবার সকালে যুবভারতীর প্র‍্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন করে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে সবুজ-মেরুন ব্রিগেড।
জাতীয় দলের ফুটবলাররা না থাকায় আপাতত কোচ ডেগি কার্ডোজোর দল থেকে বেশ কয়েকজনকে ডেকেছেন বাগান হেড কোচ। সাহাল, মনবীর, লিস্টনরা সম্ভবত বৃহস্পতিবার সকালে অনুশীলন করে দলের সঙ্গেই রওনা দেবে।বুধবার বিকেলে তারা শহরে ফিরেছেন বলে খবর। এর ফলে দলের রিজার্ভ বেঞ্চকে পরখ করে নিচ্ছেন তিনি। হাঁটুর চোটের কারণে এবারের আইএসএল থেকে ছিটকে গিয়েছেন আশিস রাই। তবে সোমবার থেকে হালকা রিহ্যাব শুরু করলেন তিনি। এদিনও কিছুক্ষণ অনুশীলন করে ড্রেসিংরুমে ওঠে যান তিনি। মূলত শুটিং অনুশীলনেই জোর দিলেন কোচ লোবেরা। কারণ গোলমুখ খুলে জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য।