সোমবারের যুবভারতীতে আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে আইএসএলের শুরুটা ভালোই করেছে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের আগে প্রতিপক্ষ দল চেন্নাইয়ানকে বেশ সমীহ করছেন বাগান কোচ সের্জিও লোবেরা। প্রীতম কোটালদের দলের ডিফেন্স বেশ প্রশংসনীয়। লোবেরার লক্ষ্যই থাকবে কোচ ক্লিফোর্ড মিরান্ডার ছক ভেঙে গোলমুখ খুঁজে বের করা।
গত ম্যাচে দুটি গোল হলেও দ্বিতীয়ার্ধে মোহনবাগান আক্রমণ ভাগ বিশেষ সুযোগ তৈরি করতে পারেনি। চেন্নাইয়ের বিরুদ্ধে ভুলত্রুটি গুলি শুধরে নিতে চাইবেন সবুজ-মেরুন হেডস্যার লোবেরা। অন্যদিকে চেন্নাইয়ান কোচ মিরান্ডা এর আগে মোহনবাগান দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। তিনি এই বাগান দলের অনেক ফুটবলারদের সঙ্গেই পরিচিত। তাই সেটা একটা বাড়তি সুযোগ চেন্নাইয়ানের। এদিন প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কোচ সের্জিও লোবেরা বলেন, “কোনও অজুহাত নয়, ম্যাচের আগে একেবারে নিজেদের নিয়ে ভাবছি। আমরা প্রত্যেক ম্যাচ আলাদা ভাবে খেলি। চেন্নাইয়ান খুব ভালো দল। অল্প সময়ের প্রস্তুতিতে তারা যথেষ্ট ভালো দল গুছিয়ে নিয়েছে। গত ম্যাচের ভুলগুলি শুধরে নিতে চাই। জিতলেও ভুলগুলি শুধরে নেওয়া জরুরি। প্রথম ম্যাচে স্লো লাগে সব দলকেই, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দল আরও ভালো করবে।”
সেই সঙ্গে লোবেরা আরও যোগ করেছেন, “আমাদের গোল করে যেতে হবে। পিছিয়ে পড়লে চলবে না। আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। গত ম্যাচে এক গোলে এগিয়ে গিয়েও আমরা হাল ছেড়ে দিয়েছিলাম, তখনই প্রতিপক্ষ সুযোগ পায়।”
চেন্নাইয়ান ম্যাচের আগের দিন অনুশীলনে সেটপিসে জোর দিয়েছিল মোহনবাগান৷ গত ম্যাচের মতোই রবসন, দিমিত্রি পেত্রাতোস, ম্যাকলারেনের আক্রমণকে মাঠে নামাবেন লোবেরা। রক্ষণে আলবার্তো, মেহতাব সিং, শুভাশিস বোস এবং অভিষেক টেকচাম সিং। পরিবর্ত হিসেবে নামবেন টম অলড্রেড। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, আপুইয়া এবং দুই উইংয়ে রবসন ও লিস্টন কোলাসো। মোহনবাগান দলের নয়া ডিফেন্ডার অময় রানাওয়াড়ের কথায়, “কোচ লোবেরা আমার কেরিয়ারে বড় ভূমিকা রেখেছে। আমি আরও শিখতে চাই। আমি আগেও মোহনবাগানে খেলেছি। সবাই চায় জাতীয় ক্লাবের প্রতিনিধিত্ব করতে। আমরা দলগত ভাবে উন্নতি করার চেষ্টা করি।”

