কলকাতা : মহানাগরিক ফিরহাদ হাকিম শুক্রবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ১১১ কোটি টাকার ঘাটতি বাজেট ঘোষণা করেছেন।
উল্লেখ্য, এর আগের দুটি অর্থবর্ষেও যথারীতি ঘাটতি বাজেট পেশ করেছিল কলকাতা পুর কর্তৃপক্ষ। শাসক ও বিরোধী দলের সদস্যদের উপস্থিতিতেই মেয়র এদিন বাজেট ভাষণ পাঠ করেন।
বাজেট পেশ করে মেয়র বলেন, অভ্যন্তরীণ উৎস খাতে রাজস্ব কর বাবদ ১,৬০৩.৫৩ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এই ক্ষেত্রে আয়ের তিনটি প্রধান উৎস রয়েছে— (ক) কর রাজস্ব, (খ) কর ব্যতীত রাজস্ব এবং (গ) সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব।
কর ব্যতীত রাজস্ব খাতের হিসেব অনুযায়ী ১,০৫৭.৪০ কোটি টাকা বাজেট বরাদ্দের সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে মোট রাজস্ব (ক+খ+গ) ধরা হয়েছে ২,৬৬১.৪৩ কোটি টাকা। প্রসঙ্গত, এদিনের সভায় মোট ৫,৭৯১.৪৩ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রেখে বাজেট বরাদ্দ সবিস্তারে পেশ করা হয়েছে।

