ব্যারাকপুরে বিজেপির তুরুপের তাস কৌস্তভ বাগচী, প্রচারে বেরিয়ে পেলেন মানুষের আশীর্বাদ

ব্যারাকপুরে তারকা প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমে ভোটযুদ্ধে মরিয়া কৌস্তভ বাগচী

ব্যারাকপুর : ভোট যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক প্রচারের লড়াই। সেই আবহেই বৃহস্পতিবার ব্যারাকপুরে জোর প্রচারে নামলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কোথাও পান আশীর্বাদ, কোথাও শুভেচ্ছা-সব মিলিয়ে মানুষের মনে জায়গা করে নিতে মরিয়া প্রচেষ্টা এই তরুণ নেতার। পেশায় দুঁদে আইনজীবী কৌস্তভ বাগচী রাজনৈতিক মহলেও পরিচিত এক কট্টর তৃণমূলবিরোধী মুখ হিসেবে।

ঝালদা ও বগটুইয়ের মতো গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই তদন্তের নির্দেশের নেপথ্যে আইনজীবী হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন মাথায় চুল রাখবেন না—এই শপথ নিয়েও একসময় আলোচনায় উঠে এসেছিলেন তিনি। একদিকে আইন পেশার দায়িত্ব, অন্যদিকে দলের রাজনৈতিক কর্মসূচি—দুই ক্ষেত্রেই সমান তৎপর কৌস্তভ। এদিনের প্রচারে তারই প্রতিফলন দেখা যায়।

অন্নপূর্ণা পুজো উপলক্ষে ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দিরেও যান তিনি, সেখানে প্রার্থনা করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ব্যারাকপুরে ফের তারকা বিধায়কের উপরেই আস্থা রেখেছে তৃণমূল। এবারও সেখানে প্রার্থী রাজ চক্রবর্তী। তার বিপরীতে বিজেপির ‘তুরুপের তাস’ কৌস্তভ বাগচী। পাশার দান ঘোরাতে পারেন এবার আত্মবিশ্বাসী কৌস্তভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 12 =