১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে কর্নাটক সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু : শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশের কথা মাথায় রেখে কর্নাটক সরকার বড় সিদ্ধান্ত নিতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট ভাষণে ঘোষণা করেছেন, ১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রয়োজনীয় নীতি প্রণয়ন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে মোবাইল ফোন ও সমাজমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে শিশুদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা এবং আচরণে নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং শিশুদের ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে সরকার এই পদক্ষেপ নিচ্ছে।

রাজ্য সরকার জানিয়েছে, খুব শিগগিরই এমন নীতি তৈরি করা হবে যার মাধ্যমে ১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতা আরোপ করা যাবে। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মাদক ব্যবহারের বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে, বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা অভিযান চালানো হবে এবং প্রয়োজনীয় সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা নেশা থেকে দূরে থাকতে পারে এবং প্রয়োজনে পরামর্শ ও সহায়তা পায়।

প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতের কোনও রাজ্যেই সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সের বাধা নেই। তবে কর্নাটকের পাশাপাশি অন্ধ্রপ্রদেশও একই পথে হাঁটতে পারে। সেখানকার সরকার এ বিষয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে। কমবয়সিদের জন্য সেখানেও সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হতে পারে। কর্নাটক প্রথম তা সরকারি ভাবে ঘোষণা করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − 1 =