সুপার এইটের আগে অভিষেকের পাশে দাঁড়ালেন ভারতের হেডস্যার

রবিবার সুপার এইটের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। কিন্তু বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসের বদলে চিন্তার ভাঁজই বেশি ভারতীয় শিবিরে। বিশ্রী ফিল্ডিং, একের পর এক ক্যাচ মিস, স্পিনারদের বিরুদ্ধে ব্যাটারদের নড়বড়ে চেহারা—সব কিছুর সঙ্গে যুক্ত হয়েছে ওপেনার অভিষেক শর্মা-র করুণ ফর্ম। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত রানের মুখ দেখেননি বাঁহাতি এই তারকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রোটিয়াদের বিরুদ্ধে কি আদৌ একাদশে থাকছেন তিনি? নাকি সুযোগ মিলতে পারে সঞ্জু স্যামসন-এর?

এই সব জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, অভিষেককে নিয়ে দলে কোনও নেতিবাচক আলোচনা হয়নি। মর্কেলের কথায়, “অভিষেক নেটে খুব পরিশ্রম করছে। ভালো শট খেলছে। ম্যাচে সেটা প্রয়োগ করার অপেক্ষা। দল ওর পাশে আছে। আমরা এখন বিশ্বকাপের খুব গুরুত্বপূর্ণ পর্বে। অভিষেক বিশ্বমানের ক্রিকেটার। আশা করছি, ও রান পাবে, দর্শকদের বিনোদন দেবে।” এই বক্তব্যেই স্পষ্ট, অভিষেকের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। পেস হোক বা স্পিন—দুই ক্ষেত্রেই এই বিশ্বকাপে সমস্যায় পড়েছেন অভিষেক। পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচে স্পিনে কাবু হয়েছেন, আবার আমেরিকা ম্যাচে পেসারের বলে বোল্ড। শেষ আটটি টি-টোয়েন্টি ইনিংসে তাঁর রান—৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০। পাঁচবার শূন্যে ফেরা যে আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে, তা বলাই বাহুল্য। তবু সব ইঙ্গিত বলছে, রবিবার ওপেনিংয়ে ঈশান কিশান-এর সঙ্গী অভিষেকই হতে চলেছেন।

অভিষেকের ফর্ম ছাড়াও ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা ফিল্ডিং। এশিয়া কাপ থেকেই ক্যাচ মিসের যে রোগ ধরেছে, বিশ্বকাপেও তার রেশ কাটেনি। মর্কেল জানালেন, এই সমস্যা কাটাতে জোরকদমে অনুশীলন চলছে। তাঁর কথায়, “টুর্নামেন্টের শেষদিকে ক্যাচ নেওয়ার গুরুত্ব আরও বেড়ে যায়। হাফ চান্সও কাজে লাগাতে হবে। একটা ক্যাচই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।”

এই ম্যাচে রয়েছে আবেগের আলাদা রংও। টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেলের ভাই অ্যালবি মর্কেল বর্তমানে দক্ষিণ আফ্রিকার মেন্টর। এক সময় দু’জনেই দক্ষিণ আফ্রিকা-র হয়ে খেলেছেন, এখন দুই শিবিরে। ফলে সুপার এইটের এই লড়াইয়ে মর্কেল পরিবার কার্যত ধর্মসংকটে। মর্নি হেসে জানালেন, আপাতত ভাইয়ের সঙ্গে কথা কমই হচ্ছে।
সব মিলিয়ে, সুপার এইটের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ আছে, আছে প্রত্যাশাও। বড় মঞ্চে কে নায়ক হবেন, তার উত্তর দেবে রবিবারের ম্যাচই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =