সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছতে ভারত-আমেরিকার অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সুন্দর পিচাই

নয়াদিল্লি : নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত কৃত্রিম মেধা (এআই) শীর্ষ সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতে এসেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। এআই-এ ভারতের পদক্ষেপ নিয়ে প্রশংসার পাশাপাশি গত দু’দিনে ঘোষণা করেছেন এ দেশে গুল্লের লগ্নি-পরিকল্পনার কথাও। শুক্রবার তাঁর বার্তা, এআইয়ের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত-আমেরিকার জোট।

সকলের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছতে ভারত-আমেরিকার অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে| পিচাই বলেন, আমরা নতুন আবিষ্কার এবং এক বিরাট উন্নতির যুগের শিখরে এসে দাঁড়িয়েছি। এর সেরা অবদান কী হবে, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে সকলকে এবং সর্বত্র এআই-এর সুবিধা পৌঁছে দিতে আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে।

দু’দেশের মধ্যে সংযোগের অন্যতম বিন্দু হতে পেরে গুগল গর্বিত বলেও জানান তিনি। এদিন পিচাইয়ের বার্তা, আমার বিশ্বাস এর হাত ধরে ভারত একটি অসাধারণ পথে হাঁটতে চলেছে এবং আমরা পণ্য, দক্ষতা এবং পরিকাঠামো- সব কিছু দিয়ে সাহায্য করছি।

ঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া থেকে শুরু করে রোগ নির্ণয়, ভারতের বিভিন্ন স্থানীয় ভাষায় তথ্য পাওয়ার সুবিধা চালু- সরকারের সঙ্গে হাত মিলিয়ে এবং স্বাধীন ভাবে একগুচ্ছ পরিষেবা দেওয়ার জন্য গুগল কাজ করছে বলেও জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =