কলকাতা : আর জি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল আদালত। আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারকে গ্রেফতার করা হোক বলে নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। তাঁর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তলব সত্ত্বেও শুক্রবারও আদালতে হাজিরা দেননি আখতার আলি। তিনি জানিয়েছেন, তিনি অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছেন। যদিও আদালত মনে করেছে, ইচ্ছে করে আসছেন না আখতার আলি।
আর জি কর দুর্নীতি মামলায় ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। শুক্রবার আলিপুরের সিবিআই আদালতে এই মামলার শুনানি হয়। কিন্তু অসুস্থতার দাবি করে আদালতে হাজির থাকেননি তিনি। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হন।
এই মামলার অন্যতম অভিযুক্ত, সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম থাকা, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি তাঁর আগাম জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাঁর সেই আবেদন বুধবার খারিজ করে দেয়।
সিবিআই রিপোর্ট ও চার্জশিটের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ ছিল, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলিও আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত।

