বাংলাদেশে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ

ঢাকা : বাংলাদেশে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার দাবিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার এই দাবিতে বিক্ষোভকারীরা সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা গেছে, শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা রাজধানী ঢাকায় এসে শহিদ মিনারে জড়ো হতে থাকেন। বেলা ১১টা নাগাদ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে পদযাত্রা শুরু করেন। শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বেলা সাড়ে ১১টা নাগাদ বিক্ষোভকারীরা ‘যমুনা’র সামনে পৌঁছে যান এবং সেখানে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে জন্য পুলিশ সতর্ক ছিল। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অন্য কোথাও সরে যাওয়ার অনুরোধ করেছিলেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনার পরও বিক্ষোভকারীরা যমুনার সামনে থেকে সরতে অস্বীকার করেন, যার ফলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়।

বিক্ষোভকারীদের দাবি, বর্তমান সরকারের উচিত অবিলম্বে নতুন বেতন কাঠামো বা পে-স্কেল ঘোষণা করা। তাদের মতে, বেতন কমিশন ইতিমধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে, যা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত কার্যকর করা সম্ভব। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করলে এই প্রক্রিয়া কার্যকর হতে অনেক দেরি হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + nineteen =