কলকাতা :- কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিহার পুলিশের সহযোগিতায় একটি বড়সড় অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়।
বুধবার এসটিএফের ডেপুটি কমিশনার আইপিএস ভি সোলেমন নেশাকুমার জানান, কলকাতা এসটিএফের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলকাতা এসটিএফ, বিহার এসটিএফ এবং ভগলপুর জেলার মধুসূদনপুর থানার পুলিশের যৌথ দল বিহারের ভগলপুর জেলার রহমতবাগ-কবরিপুর এলাকার একটি বাড়িতে হানা দেয়।পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটির নিচতলায় একটি স্পিনিং মিলের আড়ালে উপরতলায় গোপনে দেশি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালানো হচ্ছিল।
অভিযানে বাড়ির এক সহ-মালিকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন দক্ষ অস্ত্র প্রস্তুতকারক বলে দাবি পুলিশের। ধৃতদের নাম মনাজির (২১), শাদাব আলি ওরফে সাদ্দাম (৩২), আসলাম ওরফে টিঙ্কু (৪১), সমশের আলম ওরফে ছোটু (৩৬) এবং শাহনওয়াজ (২৫)।তল্লাশিতে উদ্ধার হয়েছে ২০টি আধা-তৈরি ৭.৬৫ মিমি দেশি পিস্তল, ৮টি পিস্তলের ব্যারেল, একটি লেদ মেশিন, দুটি মিলিং মেশিন, একটি ড্রিল মেশিন, একটি গ্রাইন্ডিং-পলিশিং মেশিন, একটি হ্যান্ড গ্রাইন্ডারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল।
পুলিশ জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে এবং চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

