কালীঘাট মন্দিরে পুজো দিলেন জ্ঞানেশ কুমার, বাইরে বিক্ষোভ প্রদর্শন

কলকাতা : কালীঘাট মন্দিরে পুজো দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে, বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। জ্ঞানেশকে ঘিরে ধরে এক দল বিক্ষোভকারী কালো পতাকা দেখায়। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর জ্ঞানেশ কুমার বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন। জয় ভারত। জয় হিন্দ।’’

রবিবার রাতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় রাজ্য প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক করার কথা। তার আগে সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়ালও। বিশেষ রোল অবজার্ভার সুব্রত গুপ্ত প্রমুখ। কালীঘাট মন্দিরে তাঁদের পৌঁছোনোর আগে থেকেই মন্দিরের সামনে বিক্ষোভ চলছিল। কালো পতাকা হাতে জ্ঞানেশের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলছিলেন অনেকে।

জ্ঞানেশ বিক্ষোভকারীদের মধ্যে দিয়েই মন্দিরে প্রবেশ করেন। সেই সময় কোনও মন্তব্য করেননি। মন্দির থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।’’ বিশেষ রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হোক সেই প্রার্থনা করেছি আমরা। বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 18 =