টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। তার আগেই ভারতীয় শিবিরে বড়সড় চোট-আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার হর্ষিত রানা। নবি মুম্বইয়ে আয়োজিত ওই ম্যাচে মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সেই দৃশ্য দেখেই উদ্বেগে ভারতীয় সমর্থকরা;বিশ্বকাপে আদৌ কি মাঠে নামতে পারবেন হর্ষিত?
প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ভারত। হর্ষিতও এক বলের জন্য ব্যাট করতে নেমেছিলেন। তখন তাঁর মধ্যে কোনও অস্বস্তি চোখে পড়েনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন এই ডানহাতি পেসার। রান আপে দৌড়নোর সময় একাধিকবার থেমে যেতে দেখা যায় তাঁকে। হাঁটুতে হাত দিয়ে বসে পড়েন মাঠেই। প্রবল যন্ত্রণার মধ্যেও নিজের ওভারটি শেষ করেন হর্ষিত, যদিও সেই ওভারে তিনি ১৬ রান দেন। ওভার শেষ হতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। এরপর আর বল করতে পারেননি তিনি।
হর্ষিতের চোট কতটা গুরুতর, তা নিয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্বকাপের ঠিক আগে এই ঘটনায় ভারতীয় শিবিরে দুশ্চিন্তা যে বেড়েছে, তা বলাই বাহুল্য। বিশেষ করে এমন এক সময়ে, যখন চোট সমস্যা পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। বিজয় হাজারে ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন তিলক বর্মা। পরে ওয়ানডে খেলতে গিয়ে আহত হন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এবার সেই তালিকায় যুক্ত হল হর্ষিত রানার নাম।
গত কিছু মাসে সমালোচনার মুখেও টি-২০ দলে নিজের জায়গা শক্ত করে ফেলেছেন হর্ষিত। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন তিনি। যদিও সাম্প্রতিক ম্যাচগুলোতে উইকেট পেলেও রান খরচের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবুও বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাঁর বিকল্প খুঁজে পাওয়া ভারতের পক্ষে সহজ হবে না। তাই বিশ্বকাপ শুরুর মুখে তাঁর চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
ইতিমধ্যেই চোট সারিয়ে বিশ্বকাপের দলে ফিরেছেন তিলক বর্মা। দু’টি প্রস্তুতি ম্যাচেই ভালো ফর্মে দেখা গিয়েছে তাঁকে, ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই। তবে ওয়াশিংটন সুন্দর আদৌ পুরোপুরি ফিট হয়ে দলে ফিরতে পারবেন কিনা, তা এখনও অনিশ্চিত। তার মধ্যেই হর্ষিতের চোট নতুন করে আশঙ্কা বাড়াল।
সবচেয়ে বড় প্রশ্ন;এই চোট কি তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দেবে? নাকি সময়ের মধ্যেই ফিট হয়ে উঠবেন হর্ষিত? আপাতত উত্তর সময়ের হাতেই।

