মস্কো : রুশ মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে আক্রান্ত ৪ ভারতীয় পড়ুয়া। শনিবার উফা শহরের স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে এই ঘটনায় ৪ ভারতীয় পড়ুয়া এবং দুই পুলিশকর্মী-সহ মোট আট জন গুরুতর জখম হয়েছেন। হামলাকারীকে আটকাতে গিয়ে আহত হন দুই পুলিশকর্মী। ছুরিকাহত পড়ুয়াদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। হামলাকারী এক বছর পনেরোর কিশোর বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ইউনিভার্সিটির হস্টেলের স্পোর্টস হলে একত্রিত হয়েছিলেন ছাত্রছাত্রীরা। সেই সময় আচমকাই সেখানে ঢুকে পড়ে ওই কিশোর। প্রথমে তার উপস্থিতি নিয়ে বিশেষ কেউ সন্দেহ প্রকাশ করেনি। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই সে ছুরি বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হলে। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন আট জন।
তবে ওই হামলাকারী পড়ুয়ার নাম প্রকাশ করেনি রুশ প্রশাসন। হামলাকারী কোন দেশের নাগরিক, তা-ও জানানো হয়নি। রাশিয়ার ভারতীয় দূতাবাস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, উফা শহরের ঘটনায় চার ভারতীয় পড়ুয়া-সহ বেশ কয়েক জন হামলায় জখম হয়েছেন।

