গড়াপেটার অভিযোগে অভিযুক্ত প্রাক্তন ক্যারিবিয়ান নাইট তারক

ক্রিকেটে গড়াপেটার অভিযোগে ফের চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় ওয়েস্ট ইন্ডিজ়ের জোরে বোলিং অলরাউন্ডার জেভন সিলস্-কে সাময়িক ভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে টাইটান্স দলের মালিক চিত্তরঞ্জন  রাঠোর এবং দলের কর্তা ট্রেভীন গ্রিফিথ-কেও সমস্ত ধরনের ক্রিকেট কার্যকলাপ থেকে সাময়িক ভাবে দূরে রাখা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বার্বাডোজ়ে অনুষ্ঠিত বিম১০ প্রতিযোগিতার ২০২৩-২৪ মরসুমে এই দুর্নীতির ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে আনার পর তদন্ত শুরু করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়। অভিযোগ রয়েছে, দলের কয়েক জন কর্তা ও ক্রিকেটারের যোগসাজশে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছিল। এর ফলে প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। জেভন সিলস্-এর বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, গড়াপেটার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও তিনি তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে দলের কর্তা ট্রেভিন গ্রিফিথ-এর বিরুদ্ধেও চারটি নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। টাইটান্স দলের মালিক চিত্তরঞ্জন রাঠোর-এর বিরুদ্ধে তিনটি অভিযোগ রয়েছে। অভিযোগ, তিনি দলের ক্রিকেটারদের গড়াপেটায় জড়িত হতে উৎসাহ দিয়েছেন এবং এতে সহায়তা করেছেন। আইসিসি জানিয়েছে, ১১ মার্চ থেকে আগামী ১৪ দিনের মধ্যে অভিযুক্ত তিন জনকে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে হবে। উল্লেখযোগ্য বিষয় হল, ৩৯ বছর বয়সি সিয়ার্লেস অতীতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্স দলের হয়েও খেলেছেন। প্রসঙ্গত, বিম১০ প্রতিযোগিতা নিয়ে আগে থেকেও সন্দেহ ছিল। এর আগে গড়াপেটার অভিযোগে আমেরিকার ক্রিকেটার অ্যারন জোন্স-কে নির্বাসিত করা হয়েছিল। ওই মরসুমের প্রতিযোগিতা নিয়ে এখনও তদন্ত চলছে বলে জানা গিয়েছে। এই নতুন ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে ছোট প্রতিযোগিতাগুলিতে দুর্নীতি রুখতে আরও কড়া নজরদারির প্রয়োজন রয়েছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =